Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২০ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সজীব রাজভর বিপিন, সিনিয়র রিপোর্টার

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৩:৫৩ পিএম
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই-২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় স্বাস্থ্য বিভাগ জানায়, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা জানান, সড়ক উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্ক সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি যানজট নিরসনে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা এবং গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মেরামতকাজ দ্রুত শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা জানান, জেলার ১৩টি উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের প্রাক্কলন প্রস্তুতের কাজ চলমান রয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, মানবসম্পদ উন্নয়নের গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় জেলার ভালুকা, ফুলপুর, হালুয়াঘাট, গৌরীপুর, মুক্তাগাছা ও ত্রিশাল উপজেলায় ২২৮টি কমিউনিটি-ভিত্তিক পাইপলাইন পানি সরবরাহ প্রকল্পের অবশিষ্ট কাজের জন্য নতুন কার্যাদেশ দেওয়া হয়েছে।

জেলা শিক্ষা অফিস জানায়, প্রবল বর্ষণ, বন্যা ও বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বিদ্যুৎ বিভাগ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরকারি দপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বকেয়া বিদ্যুৎ বিল দ্রুত পরিশোধের আহ্বান জানায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আগাম বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে পর্যায়ক্রমে প্রণোদনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে সারের মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর জানায়, নবজাতকের জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার শতভাগ নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে জেলার সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও যুব সংগঠনগুলোকে সম্পৃক্ত করে ‘ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

তিনি সিটি কর্পোরেশনকে ডেঙ্গু প্রতিরোধ কমিটিসহ সংশ্লিষ্ট কমিটিগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান এবং প্রতি শনিবার সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা দেন।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)