স্টাফ করেসপন্ডেন্ট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের বিষয় ভবিষ্যতে কীভাবে মোকাবিলা (ডিল) করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। আলোচনা ও মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক চলে প্রায় ৩৫ মিনিট।
নাহিদ ইসলাম বলেন, সরকারপ্রধান জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে একটি ভিত্তি ও রোডম্যাপ তৈরি করা প্রয়োজন বলে তাঁরা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগ ও ভারতের ইস্যুটা আমাদের আগামীতে ডিল করতে হবে। ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ (পথনকশা) প্রয়োজন।’
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে নাহিদ বলেন, কিছুদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এসব পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
নাহিদ বলেন, প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়ে স্পষ্ট অবস্থান না নেওয়ার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘যেকোনো ধরনের ঐক্যের প্রশ্নে আমাদের অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। এই ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ জানিয়েছি।’
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বানও জানিয়েছেন বলে জানান নাহিদ। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়াতে হবে। জেলা পর্যায়সহ বিভিন্ন স্থানে হওয়া মামলাগুলোর তদন্ত, অভিযোগপত্র দাখিলসহ আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে জুলাইয়ের ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে নাহিদ বলেন, তাঁরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী ও তাঁর পক্ষ থেকে বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।
ভারত বিষয়ে কড়া বার্তা
নতুন করে গঙ্গার পানিবণ্টন চুক্তির বিষয়ে ভারতকে কঠোর বার্তা দেওয়ার জন্য সরকারপ্রধানকে আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে আলোচনায় সরকার যেন কোনো আপস না করে, সে কথা তাঁরা জানিয়েছেন।
নাহিদ আরও বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারী ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার কথা বলা হয়েছে। জুলাই যোদ্ধাদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তাঁরা।
ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণের পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা এখন খুবই সুস্পষ্ট যে বাংলাদেশে যা কিছু হচ্ছে, এর সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ত। বৈশ্বিকভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি মিসইনফরমেশন ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছে।’
নাহিদ বলেন, বাস্তবে ভারতই এখন সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ। বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতিত হয়েছেন এবং তাঁদের সম্পত্তি দখল হয়েছে—এ বিষয়গুলোও বিশ্বপরিসরে তুলে ধরতে হবে।
দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগাহর সুফি ও সংস্কৃতিকর্মীসহ সব সামাজিক শক্তির সঙ্গে সরকারকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে এনসিপি। এসব গোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার বিষয়েও প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন বলে জানান নাহিদ ইসলাম।