জেলা প্রতিনিধি, ভোলা
লালমোহনে ২ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বাবা-ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে ছেলে নুরনবী (৩৫) লালমোহন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভুক্তভোগী ঘড়ি মেকার মো. আলমগীর মুন্সি (৬০) অভিযোগ করেন, রোববার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে গজারিয়া বাজারের স্কুল রোডে তাঁর দোকানঘর মেরামতের সময় ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন পূর্ব শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল বেপারীর নেতৃত্বে নুরনবী বেপারী, মনির বেপারী, গনি বেপারী, আবদুল্লাহ ও সুরেশ চন্দ্র রবিদাস এসে কাজ বন্ধ করতে বলেন।
আলমগীর মুন্সির ভাষ্য অনুযায়ী, কাজ বন্ধের কারণ জানতে চাইলে তাঁরা দোকানে কাজ করতে হলে ২ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁকে মারধর করা হয়। তাঁর চিৎকার শুনে ছেলে নুরনবী এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাত ঠেকাতে গিয়ে নুরনবীর বাম হাতে কোপ লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। বাজারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার আগে তাঁর কাছে থাকা ৪০ হাজার টাকা ও দুটি স্মার্টফোন নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
আলমগীর মুন্সি আরও জানান, জেলা পরিষদের জায়গায় ডিসিআর কেটে দোকানঘর তৈরি করে তিনি প্রায় ৪০ বছর ধরে ঘড়ি মেরামতের কাজ করে আসছেন। দোকানঘরটি পুরোনো হয়ে হেলে পড়ায় রোববার সকালে তিনি মেরামতের কাজ শুরু করেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সময়ও শাকিল বেপারী তাঁকে মারধর করে বাম পা ও কোমর ভেঙে দিয়েছিলেন। তাঁর পা ও কোমরে এখনো লোহার রড লাগানো রয়েছে। তখন তাঁর বাড়ি থেকে প্রায় ১ লাখ টাকার গাছ কেটে নেওয়া এবং দুইবার পুকুরের মাছ ধরে নেওয়ার অভিযোগও করেন তিনি। তিনি এসব ঘটনার বিচার চান এবং ছেলে সুস্থ হলে আইনের আশ্রয় নেবেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে শাকিল বেপারী বলেন, ঘরটি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। মূল ঝামেলা সুরেশ চন্দ্রের সঙ্গে। রোববার কথা কাটাকাটি হয়েছে। তবে ছেলের হাত কাটার বিষয়টি তাঁদের বোধগম্য নয়। চাঁদা সংক্রান্ত ও অন্যান্য অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।
লালমোহন থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।