নিজস্ব প্রতিবেদক
জুলাই স্মৃতি জাদুঘরে কোনো দলীয় বয়ান নয়, বরং জাতীয় ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৮ আগস্ট) জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস কোনোভাবেই দলীয় বয়ানের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জাদুঘরে সীমান্ত হত্যা, ফেলানী হত্যাকাণ্ড ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতিসংবলিত বিভিন্ন উপাদান সরিয়ে ফেলায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়, ঢাকার বাইরের আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদরাসাশিক্ষার্থীদের ভূমিকা এবং শহিদদের অবদান আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে।
গণভবনকে জাদুঘরে রূপান্তরের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে গণভবন থেকে বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্যাতন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, অর্থনৈতিক লুটপাট ও দুর্নীতির সঙ্গে এই স্থানের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা গণভবনে প্রবেশ করে বিজয় উদযাপন করে। তাই নির্যাতন, প্রতিরোধ ও বিজয়ের স্মৃতিচিহ্ন ধারণকারী এই স্থানকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জাদুঘরের কাজ অনেকটাই শেষ হয়েছিল এবং এটি উদ্বোধনের উপযোগী হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও এটি চালু হতে আরও প্রায় পাঁচ মাস সময় লেগেছে। দ্রুত জাদুঘরটি খুলে দেওয়ার দাবিতে তারা সংসদ ও সংসদের বাইরে একাধিকবার কথা বলেছেন।