নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে দেশে ‘রক্তগঙ্গা বয়ে যাবে’।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জুলাই শহীদদের পরিবারের সদস্যদের অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ৫ আগস্ট ভারতে অবস্থান করে শেখ হাসিনার সংবাদ সম্মেলন করা ছিল উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাষ্য অনুযায়ী, নিজেদের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচয় দেওয়া ভারত এ আয়োজনের সুযোগ দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে অসম্মান করেছে।
তিনি অভিযোগ করেন, অতীতে শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও এখন তা সম্ভব হচ্ছে না। তাই তাঁকে আবারও ‘টুলস’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, একজন পলাতক আসামি অন্য একটি দেশ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পান কি না, সে প্রশ্নও এখন সামনে এসেছে।
রিজভীর দাবি, শেখ হাসিনার পতনের তারিখেই তাঁকে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছে। তবে ভারতের সরকার এর সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। তাঁর প্রশ্ন, সরকারের অনুমোদন ছাড়া এমন সংবাদ সম্মেলন কীভাবে সম্ভব হলো।
বিএনপির এই নেতা বলেন, “শেখ হাসিনা আবারও বাংলাদেশে এলে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে। তিনি কাউকে বাঁচতে দেবেন না।”
তিনি আরও বলেন, সবাইকে জুলাইয়ের চেতনা ধারণ করে কাজ করতে হবে। জুলাইয়ের আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভক্তি সৃষ্টি হলে তা সবার জন্য ক্ষতির কারণ হবে। পরাজিত শক্তির পুনরুত্থান ঘটলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বিএনপির সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মো. কামরুজ্জামান, ফাহিমা নাসিরনসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।