নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে সংবেদনশীল স্থান চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে লক্ষ্যে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তাদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে।
আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের জন্য এলাকাভিত্তিক কনট্যাক্ট, ইনফরমার ও সোর্স নিয়োগ করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় র্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী কিংবা উগ্রবাদী গোষ্ঠীর সদস্যরা যাতে অনুষ্ঠানে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়েছে।
সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের মাধ্যমে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা রোধে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোথাও বিস্ফোরক বা বিস্ফোরক সদৃশ কোনো বস্তু পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব ফোর্সেস জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে র্যাব।