নিজস্ব প্রতিবেদক
ব্যাটারিচালিত ই-রিকশার ক্রমবর্ধমান চলাচলকে নিয়মের মধ্যে আনতে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় লাইসেন্সিং, নিবন্ধন, যান চলাচলের শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে এক আলোচনা সভায় এ উদ্যোগের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভায় নগর ব্যবস্থাপনা, যান চলাচলে শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় ই-রিকশা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ভিত্তিতে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, নীতিমালাটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে নগরীর যানজট কমানো, যান চলাচলে শৃঙ্খলা আনা এবং সড়ক নিরাপত্তা বাড়াতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ই-রিকশার লাইসেন্স ও নিবন্ধন করা হলে এ খাত থেকে সরকারের কোষাগারেও রাজস্ব জমা হবে।
ই-রিকশা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে বিদ্যমান বিধিমালা যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকার জন্য সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ নির্ধারণের বিষয়েও প্রচলিত বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন এবং চালকদের লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরি করতে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর সংশ্লিষ্ট কিছু ধারা ও তফসিল এরই মধ্যে সংশোধন করা হয়েছে।
এর আগে সিটি কর্পোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ জারি করে। বিধিমালাটি ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে গেজেট আকারে প্রকাশিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ হাদিউজ্জামান ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞ মতামত দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান। এ ছাড়া মন্ত্রণালয় ও দুই সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।