নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ছবি:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি। বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। বর্তমান সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে, যা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা না রাখলে কেবল আনুষ্ঠানিক কর্মশালা বা উচ্চপর্যায়ের আলোচনা আয়োজনের কোনো বাস্তব মূল্য নেই।
সিভিল সার্ভিস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাই নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।”
দেশে কার্যকর নীতিনির্ধারণের জন্য নির্ভুল পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন জাতীয় পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন এবং মাথাপিছু আয়সহ বিভিন্ন ক্ষেত্রে সঠিক তথ্যের অভাব নীতিনির্ধারণে নেতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা প্রয়োজন, যাতে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা যায়।
অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক শিল্পের বিকাশ এবং দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ জরুরি। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী বলেন, নীতি প্রণয়ন সরকারের দায়িত্ব, আর সেই নীতির আলোকে কর্মসূচি নির্ধারণ, প্রকল্প বাস্তবায়ন এবং কার্যক্রমের সুষ্ঠু তদারকি করা প্রশাসনের দায়িত্ব। তিনি সরকারি কর্মকর্তাদের নিয়মের বাইরে কোনো কাজ না করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী নির্বাচিত সরকারের অঙ্গীকার বাস্তবায়নই প্রশাসনের অন্যতম দায়িত্ব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।