নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ বার্ষিক সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ আজ (রোববার) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের মহড়ায় দুই দেশের সামরিক বাহিনীর ১৬০ জনের বেশি সদস্য অংশ নিচ্ছেন।
শনিবার (১৮ জুলাই) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কাজ করার সক্ষমতা এবং আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) বৃদ্ধি পাবে।
এবারের মহড়ায় বনাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের জরুরি চিকিৎসা (কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে দুই দেশের সেনাসদস্যরা একে অপরের কৌশল, দক্ষতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরও সম্যক ধারণা অর্জনের সুযোগ পাবেন।
মার্কিন দূতাবাস জানায়, ‘টাইগার লাইটনিং’ যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিক-এর থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান ও নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর লক্ষ্য দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করা, প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং যৌথভাবে কাজ করার দক্ষতা উন্নয়ন।
২০১৭ সালে শুরু হওয়া ‘টাইগার লাইটনিং’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিয়মিত দ্বিপক্ষীয় সামরিক মহড়া। কোভিড-১৯ মহামারির সময় সাময়িকভাবে বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার নিয়মিতভাবে এর আয়োজন করা হচ্ছে।
এবারের মহড়া শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের অনুশীলনের মাধ্যমে পরিচালিত হবে। সমাপনী পর্বে অংশগ্রহণকারী সেনাসদস্যদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) অনুষ্ঠিত হবে।