নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সম্পর্কে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রাক-নিবন্ধনের সময় কোন কোন তথ্য বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে, তা জানিয়ে বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে একটি পত্র জারি করা হয়েছে।
পত্রে বলা হয়েছে, হজে গমনের প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। এ সময় প্রত্যেক হজযাত্রীর কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা বাংলাদেশি পাসপোর্ট কিংবা জন্মসনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, একটি সচল মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে। একই পরিবারের একাধিক সদস্যের ক্ষেত্রে একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সরকারি ও বেসরকারি—উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, যেসব হজযাত্রী পূর্বে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদেরকে নিবন্ধনের সময় অবশ্যই সেই তথ্য প্রদান করতে হবে।
উল্লেখ্য, ২০২৭ সালের হজের জন্য গত ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে এবছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।