বিনোদন ডেস্ক
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী আবারও একসঙ্গে অভিনয় করেছেন নতুন নাটক ‘ভালোবাসার গল্প’-এ। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নির্মিত নাটকটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা ইমরাউল রাফাত। সহ-কাহিনিকার হিসেবে রয়েছেন অভ্র মাহমুদ।
এর আগে একাধিক জনপ্রিয় নাটকে জুটি হয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন ইয়াশ-তটিনী। কয়েক মাস বিরতির পর নতুন এই রোমান্টিক গল্পে আবারও একসঙ্গে কাজ করলেন তারা।
একই নির্মাতার ‘দাঁড়ালে দুয়ারে’, ‘কাছে আসার সময়’, ‘কী মায়ায় জড়ালে’, ‘তাহার নামটি মায়া’, ‘রাইড শেয়ারিং’, ‘কত যে আপন’, ‘ভালোবাসায় আদরে’, ‘যে প্রেম এসেছিল’, ‘আমার থাকিস তুই’ এবং ‘মিস ম্যাচ’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এই জুটি।
নতুন নাটকটি প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, “দর্শকের পছন্দ-অপছন্দ মাথায় রেখেই নির্মাতারা জুটি নির্বাচন করেন। কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করার পর তটিনী ও আমাকে নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়। সেই ধারাবাহিকতায় নির্মাতারা আমাদের নিয়ে নিয়মিত কাজ করছেন। আগের নাটকগুলোর মতো ‘ভালোবাসার গল্প’ও দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।”
তানজিম সাইয়ারা তটিনী বলেন, “একের পর এক নাটক দর্শকদের ভালোবাসা পাওয়ায় জুটি হিসেবেও আমরা নিজেদের জায়গা তৈরি করতে পেরেছি। দর্শকদের জন্যই অভিনয় করি। তাই সবসময় তাদের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করি।”
নাটকটিতে ইয়াশ ও তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দিপা খন্দকার, মিলি বাসার, সার্জিল আহমেদ ও ইশরাত অতিথিসহ আরও অনেকে।
নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানিয়েছে, ‘ভালোবাসার গল্প’ শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।