বিনোদন ডেস্ক
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আর প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বীদের এই বিদায়ে স্টেডিয়াম থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেন। ম্যাচ চলাকালে ও শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে ব্রাজিলকে নিয়ে রসিকতাও করেন তিনি।
গ্যালারি থেকে প্রকাশ করা একটি ছবির ক্যাপশনে মেহজাবীন লেখেন, “ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।”
আরেকটি পোস্টে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, “তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।”
ম্যাচ দেখতে গিয়ে লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরা মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতেও দেখা যায়।
শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস করেন তিনি। পরে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় ও ব্রাজিলের বিদায়ের দৃশ্যকে পেছনে রেখে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখেন, “বাই বাই ব্রাজিল।”
মেহজাবীনের এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেক আর্জেন্টিনা সমর্থক তাঁর পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার ব্রাজিল সমর্থকদের অনেকে পাল্টা মন্তব্যও করেছেন।
উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে।