বিনোদন ডেস্ক
বলিউড সুপারস্টার আমির খান তৃতীয়বারের মতো বিয়ে করেছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই নিবন্ধিত বিয়েতে গৌরী আইভরি রঙের লেসের সালোয়ার-কামিজ এবং আমির ক্রিম রঙের কুর্তা পরেছিলেন। বিয়ের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিয়ের আগে এক সাক্ষাৎকারে আমির জানান, জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং সাদামাটা নিবন্ধিত বিয়েই তারা চেয়েছেন।
গৌরী স্প্র্যাট বর্তমানে আমির খান প্রোডাকশনসের সঙ্গে কাজ করছেন। এর আগে তিনি বেঙ্গালুরুর একটি সেলুন চেইনে কর্মরত ছিলেন। আগের সংসারে তার সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।
২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার গৌরীকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির। তিনি জানান, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হলেও পরে চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে আবার যোগাযোগ হয় এবং সেখান থেকেই সম্পর্কের নতুন শুরু।
আমির বলেন, জীবনের আগের দুটি সম্পর্ক থেকে অনেক কিছু শিখেছেন এবং গৌরীর সঙ্গে তিনি মানসিক স্থিরতা অনুভব করেন।
এর আগে আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত, যাদের দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। তাদের এক ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির। নতুন এই বিয়ের অনুষ্ঠানে রীনা দত্ত ও কিরণ রাও দুজনই উপস্থিত ছিলেন।