স্পোর্টস ডেস্ক
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি মিসর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে হেরে বিদায় নেয় আফ্রিকার দলটি। তবে ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মিসরের মিডফিল্ডার মোস্তফা জিকো। তিনি অভিযোগ করেছেন, ম্যাচটি আগে থেকেই নির্ধারিত ছিল বলেই তার মনে হয়েছে।
মিসরীয়দের অভিযোগের সূত্রপাত দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে। দারুণ এক আক্রমণ থেকে মোস্তফা জিকো বল জালে জড়ালেও, ভিএআরের পরামর্শে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউলের অভিযোগ তুলে গোলটি বাতিল করেন রেফারি। মিসরের দাবি, সেখানে কোনো ফাউলই হয়নি।
বিতর্ক আরও বাড়ে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। ওই সময় এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার জয়সূচক গোল করেন। তবে গোলের আক্রমণ শুরুর আগে মিসরের এক খেলোয়াড়কে ফাউল করা হয়েছিল বলে অভিযোগ ফারাওদের। তাদের দাবি, আগের ঘটনার মতো এবার রেফারি বা ভিএআর কোনো হস্তক্ষেপ করেননি। একই ধরনের দুই ঘটনায় ভিন্ন সিদ্ধান্তই ম্যাচের ফল নির্ধারণ করেছে বলে মনে করছেন তারা।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন মোস্তফা জিকো। তিনি বলেন, “আজ রেফারির পারফরম্যান্স শুধু খারাপ ছিল না, তিনি আমাদের ওপর পরিষ্কার জুলুম করেছেন। ম্যাচের শুরু থেকেই একের পর এক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। আমার মনে হয়েছে, তিনি কোনোভাবেই চাননি আমরা ম্যাচটি জিতি।”
এরপর আরও গুরুতর অভিযোগ তুলে জিকো বলেন, “আমার মনে হয়েছে ম্যাচটির ফল আগেই ঠিক করা ছিল। আমরা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক বাঁশি আমাদের বিপক্ষে যেতে শুরু করে। আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ জয়ের আগাম অভিনন্দন জানিয়ে রাখছি। আজ যা দেখলাম, তাতে অন্তত আমার সেটাই মনে হয়েছে।”
জিকোর এমন মন্তব্যের পর ম্যাচটির রেফারিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।