আন্তর্জাতিক ডেস্ক
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।
বুধবার (৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’ শীর্ষক এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে শ্রিংলা বলেন, “হাসিনা যা বলছেন, সেটা তাঁর এবং বাংলাদেশের মধ্যকার বিষয়। ভারত সরকার আগেই জানিয়েছে, তিনি যা বলছেন, তার সঙ্গে ভারত সরকার বা ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।”
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের জনগণের কল্যাণের কথা বিবেচনায় নিয়ে এ সম্পর্ক ইতিবাচকভাবে বজায় রাখা প্রয়োজন।
শ্রিংলা বলেন, ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হওয়া উচিত।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ভারতের সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করাই স্বাভাবিক বিষয়। এ ধরনের সহযোগিতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করবে বলেও মন্তব্য করেন তিনি।