নিউজ ডেস্ক
দেশে হাম পরিস্থিতিতে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার দুজনে।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন এক হাজার ১১৯ জন। আর ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৭ হাজার ৫৮০ জনে।
এ সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৯ জন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, একই সময়ে হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪১ হাজার ৮১৯ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯০২ জন শিশুর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।