আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ছবি:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন অস্ট্রেলিয়া সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘Melbourne Meets Modi’ শীর্ষক একটি অনুষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ‘আবু মুস্তাফা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে হুমকিমূলক মন্তব্য করা হয়। সেখানে লেখা হয়, “অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের ছাদ বন্ধ থাকাই ভালো, নইলে তিনি অস্ট্রেলিয়ায় মৃত্যুর জন্যই আসবেন।”
সংবাদমাধ্যমটির দাবি, তদন্তকারীরা ইতোমধ্যে ওই অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট আইপি (IP) ঠিকানা শনাক্ত করেছেন। হুমকির বার্তাটি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে কি না এবং এর সঙ্গে কোনো বাস্তব নিরাপত্তা ঝুঁকি জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আগামী ৮ থেকে ১০ জুলাই নরেন্দ্র মোদীর সরকারি সফরে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি মেলবোর্নে প্রবাসী ভারতীয়দের আয়োজিত একটি কমিউনিটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সফরকে স্বাগত জানিয়ে বলেন, আসন্ন অস্ট্রেলিয়া-ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে পেরে তিনি সম্মানিত। তার ভাষায়, দুই দেশের সম্পর্ক বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ এবং এই অংশীদারিত্ব ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মেলবোর্নে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন অ্যান্থনি আলবানিজ। এ সফরের মাধ্যমে দুই দেশের ‘Comprehensive Strategic Partnership’ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর অন্যতম ভারত অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। বিদ্যমান অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে।
সবশেষে জানানো হয়, অ্যান্থনি আলবানিজ ও নরেন্দ্র মোদীর সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০২৫ সালের নভেম্বরে জি-২০ সম্মেলনের সাইডলাইন বৈঠকে। আসন্ন সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।