নিজস্ব প্রতিবেদক
কর ফাইল অডিটে পড়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ধরনের প্রতারণা থেকে দূরে থাকতে চার দফা নির্দেশনা জারি করেছে সংস্থাটি।
রোববার (৫ জুলাই) এনবিআরের রাজস্ব ভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের ফোন করে তাদের কর নথি (ফাইল) অডিটে নির্বাচিত হয়েছে বলে দাবি করছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে।
এনবিআরের চার নির্দেশনা হলো—
লিখিত নোটিশ ছাড়া কোনো যোগাযোগ নয়: কর নিরীক্ষার বিষয়ে এনবিআরের কর্মকর্তা ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। অডিটে ফাইল নির্বাচিত হলে আইন অনুযায়ী লিখিত নোটিশ পাঠানো হয়।
ব্যক্তিগতভাবে অর্থ লেনদেন নয়: কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। কোনো কর্মকর্তা বিকাশ, নগদ, রকেট বা ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।
তথ্য যাচাই করুন: সন্দেহজনক ফোন, এসএমএস বা ই-মেইল পেলে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করতে হবে।
প্রতারণার অভিযোগ করুন: কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং প্রতারকের ফোন নম্বর সংরক্ষণ করতে বলা হয়েছে।
এনবিআর জানিয়েছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই প্রতারকচক্রের ফাঁদে না পড়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।