Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

লালমোহনে সংখ্যালঘু পরিচয়ের আড়ালে জমি দখলের অভিযোগ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের আরও সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’ জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ রোগীবান্ধব স্বাস্থ্যসেবা: প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নই বেশি জরুরি দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, জানালেন মাহিরা খান জ্বালানি নিরাপত্তা না আসা পর্যন্ত নতুন শিল্পে গ্যাস সংযোগ নয়: তথ্য উপদেষ্টা বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

স্টাফ রিপোর্টার

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৫:৪৯ এ এম
সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। উচ্চশিক্ষাকে আরও কর্মমুখী ও শিল্পবান্ধব করতে প্রণীত উচ্চশিক্ষা রূপান্তরের কৌশলগত কর্মপরিকল্পনার খসড়ায় এ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পরও বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দক্ষতার ঘাটতির কারণে অনেক শিক্ষার্থী চাকরির বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। এই ব্যবধান কমিয়ে আনতেই শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান জানান, পাঁচ বছর মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনার মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করা হবে। এ পরিকল্পনায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ এবং ব্যবহারিক অভিজ্ঞতাভিত্তিক বিভিন্ন উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এ লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থায় শিক্ষার্থীদের জন্য কাঠামোবদ্ধ ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করা হবে।

অধ্যাপক মামুন আহমেদ আরও জানান, শিক্ষার্থীদের বর্তমান দক্ষতা ও ঘাটতি নিরূপণে জাতীয় পর্যায়ে একটি সমীক্ষা পরিচালনা করা হবে। সেই সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে, যাতে স্নাতকেরা পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে ইন্টার্নশিপ কর্মসূচিতে শিল্পপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করা হবে। সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান যৌথভাবে এ কর্মসূচিতে আর্থিক সহায়তা দেবে। পুরো কার্যক্রমের নীতিগত সমন্বয়, তদারকি ও বাস্তবায়নে সহযোগিতা করবে ইউজিসি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমান বৈশ্বিক কর্মবাজারে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান যথেষ্ট নয়। ভাষাগত দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব, দলগত কাজ, সৃজনশীল চিন্তা এবং সমস্যা সমাধানের মতো সফট স্কিলও সমান গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা বিকাশে শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ মডিউল তৈরি করা হচ্ছে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ, ইন্টার্নশিপ, গবেষণা সহযোগিতা এবং চাকরির সুযোগ বিনিময়ের জন্য একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ধাপে ধাপে ডিজিটাল রূপান্তরের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ জন্য উচ্চগতির ইন্টারনেট, ক্যাম্পাসজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই, আধুনিক ডিজিটাল শ্রেণিকক্ষ, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) এবং স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাল উদ্দিন আহমেদ লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদার। অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবিরকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় অধ্যাপক ড. রফিকুর রহমান, অধ্যাপক ইশতিয়াক মাহমুদ, অধ্যাপক ড. মামুন রশিদ, অধ্যাপক ড. জেবা ইসলাম সিরাজ, অধ্যাপক আনোয়ারুল আজিম, অধ্যাপক ড. আফতাব উদ্দিন এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল করিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)