নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারায় ভাড়া দেওয়া বাসায় মাদকদ্রব্য উদ্ধার ও নারী-পুরুষসহ ৮৪ জনকে আটকের ঘটনার পর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে সদর দপ্তরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকার পুলিশ হাউজিং-১-এর একটি বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতভর ডিজে পার্টি, মাদকসেবন ও মাদকের কারবার পরিচালিত হওয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল এ অভিযান চালায়।
অভিযানে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়। তাঁদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন। ওই বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদসহ বিভিন্ন সামগ্রী এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টি চলছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবিরের ভাষ্য অনুযায়ী, বাসাটি একজন হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। এ ঘটনায় কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়। বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হলেও সেখান থেকে অর্জিত আয়ের ৭০ শতাংশ আব্দুল্লাহ আল জহির পেতেন বলে জানান তিনি।
এদিকে, ডিবির একটি সূত্রের বরাতে জানা গেছে, আটক কো-হোস্টকে ছাড়িয়ে নিতে ওই কর্মকর্তা তদবির করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে আব্দুল্লাহ আল জহিরের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।