Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: জামায়াত আমির ● স্বৈরাচারের গুলি দেখেনি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান: প্রধানমন্ত্রী ● চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত ● ভারতের আম্বানির তেল শোধনাগারে কেন যাচ্ছেন মার্কো রুবিও, কীসের ইঙ্গিত? ● বাসায় মাদকের কারবার, পদ থেকে সরানো হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে ● যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে: প্রধানমন্ত্রী ● ডিজিটালের চেয়ে নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি ● প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনোটিই শোভা পায় না: স্পিকার ● প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনোটিই শোভা পায় না: স্পিকার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৬:১০ পিএম
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও ধোঁকা দিয়েছে: প্রধানমন্ত্রী

যারা ১৯৭১ সালে জনগণকে ধোঁকা দিয়েছিল, তারাই ২০২৪ সালের জুলাই আন্দোলনেও ধোঁকা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে শত শত মানুষকে হত্যা করেছে। তাঁদের স্মরণে ঢাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। বিএনপি একাত্তর ও চব্বিশ—দুই সময়কেই ধারণ করে। এ কারণেই দলটি জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু যারা মুখে চব্বিশকে ধারণ করার কথা বলে, তাদের অনেকের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। তাঁর অভিযোগ, একাত্তরের মতো চব্বিশেও কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করেছে।

সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করে দেশের ভেতরে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কয়েকটি কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, পলাতক স্বৈরাচার অর্থ সরবরাহ করছে এবং দেশের ভেতরে একটি পক্ষ সেই অর্থের সহায়তায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড
জনসভায় প্রধানমন্ত্রী ঘোষণা দেন, চলতি বছরই দেশের ৪০ লাখ কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা সার-বীজসহ কৃষি উপকরণ সহায়তা, ফসলবিমা, সহজে ব্যাংকঋণ এবং আবহাওয়ার তথ্য পাওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের সাত দিনের মধ্যে ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

তিনি আরও জানান, আখচাষিদের উৎপাদন খরচের চাপ কমাতে প্রণোদনা দেওয়া হয়েছে। বিএনপি বিশ্বাস করে, কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

পাঁচ বছরে খনন হবে ২০ হাজার কিলোমিটার খাল
কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করতে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এরই মধ্যে আট মাসে ৮০০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। এতে সেচসুবিধা বাড়ার পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ হবে।

পদ্মা ও তিস্তা নদীর পানির সমস্যা সমাধানে ব্যারাজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি দ্রুত ব্যারাজ নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

উপজেলা হাসপাতাল হবে ১৫০ শয্যার
গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা বাড়াতে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ করার ঘোষণা দেন তারেক রহমান। তিনি বলেন, হাসপাতালগুলোতে শিশু ও নারীদের জন্য আলাদা শয্যা এবং কিডনি রোগীদের ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, হৃদ্‌রোগের চিকিৎসাসামগ্রীর ওপর কর কমানোর ফলে আগে যে সরঞ্জাম কিনতে এক লাখ ২০ হাজার টাকা লাগত, তা এখন ৬০ থেকে ৬৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

ডিসেম্বরের মধ্যে ৪৬টি বন্ধ কারখানা চালুর উদ্যোগ
দেশের বন্ধ মিল-কারখানা চালুর মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে ছয়টি বন্ধ কারখানা উদ্যোক্তাদের দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশে বন্ধ থাকা প্রায় ৪৬টি কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে। তবে কিছু রাজনৈতিক দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

অনার্স পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার সুযোগ
নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার নারীদের অনার্স পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার ব্যবস্থাও করা হবে।

পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, এ সহায়তা দিয়ে পরিবারগুলো সন্তানদের পুষ্টিকর খাবার, জরুরি প্রয়োজন মেটানো এবং ক্ষুদ্র বিনিয়োগের সুযোগ পাবে।

তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না। বিদেশ থেকে কেউ এসে বাংলাদেশ গড়ে দিয়ে যাবে না; দেশের ২০ কোটি মানুষকে নিজেদের শ্রমে দেশ গড়ে তুলতে হবে।

৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা
জনসভার শুরুতে প্রধানমন্ত্রী ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মঞ্চে বসে ল্যাপটপের বোতাম চেপে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন। পরে দেশের ১৫টি সুগার মিল জোনের ১৫ জন কৃষকের হাতে প্রতীকী চেক তুলে দেন।

জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, শফিকুল হক মিলন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা এবং কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ অন্য নেতারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)