ক্রীড়া প্রতিবেদক
প্রথমার্ধেই ১১ গোলের ব্যবধান গড়ে ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ করে ফেলে বাংলাদেশ। বিরতির পর মালদ্বীপ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৩৩-২০ গোলের জয় নিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ হ্যান্ডবলের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৬-৫ গোলে। দ্বিতীয়ার্ধে দুই দলের লড়াই ছিল তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এ সময় বাংলাদেশ ১৭ গোল করার বিপরীতে মালদ্বীপ করে ১৫ গোল। তবে প্রথমার্ধে গড়ে তোলা বড় ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে আনা আলোনসো ফ্রাগুয়ার দল।
বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন মোসাম্মত সানজিদা আক্তার। আট গোল করে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
প্রতিযোগিতায় বাংলাদেশ শুরুটা করেছিল নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। তবে পরের ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলে বড় ব্যবধানে হারে স্বাগতিকেরা। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। সেই চাপ সামলে দাপুটে জয় তুলে নিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে দলটি।
আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বুধবার দুপুর ২টায় খেলবে মালদ্বীপ ও নেপাল।