নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে। অভিযানে ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, ওই বাড়িতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো এবং সেখানে মাদকের আসর বসত। এসব অভিযোগের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ কারণে সেখানে অভিযান চালানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তাঁর বাড়িতে মাদকের কারবারের অভিযোগে ডিবির অভিযানের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।