স্টাফ রিপোর্টার
রাজধানীর কাঁটাবনের আল বারাকা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টার দিকে ১৪ তলা ভবনটির ১২তম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ১১ ও ১৩ তলায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সময় ভবনের বিভিন্ন তলায় অনেক মানুষ আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিরাপদে বেরিয়ে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হিসেবে নির্মিত হলেও আগুন লাগা তলায় আইনজীবীদের একাধিক চেম্বার পরিচালিত হচ্ছিল। আগুনের সময় সেখানে আটকে পড়া দুজন মুঠোফোনে উদ্ধার করার আকুতি জানালেও পরে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া আবাসিক ভবন হওয়া সত্ত্বেও সেখানে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন অফিস ভাড়া দেওয়া হয়েছিল, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়েছে।
আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।