নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছবি:
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, সরকারের নীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ (বাংলাদেশ প্রথম)। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলমান অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব বর্তমান সরকার ও সংসদ সদস্যদের ওপর অর্পণ করেছে। জনগণের সেই আস্থা ও আমানত রক্ষায় সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, সরকার সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের অভ্যন্তরীণ ও বৈশ্বিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তারেক রহমান বলেন, সরকারের কোনো কার্যক্রমের পেছনে ব্যক্তিগত স্বার্থ নেই। সরকারের যেকোনো সাফল্য কিংবা বৈদেশিক সফরের মাধ্যমে অর্জিত ইতিবাচক ফল বাংলাদেশের এবং দেশের মানুষের প্রাপ্য।
বক্তব্যের প্রতি সমর্থন জানানোয় বিরোধীদলীয় নেতাসহ জাতীয় সংসদের সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংসদে গঠনমূলক সহযোগিতার এই মনোভাব ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।