ইবি প্রতিনিধি
ব্যাতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য তাদের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে এ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিশুকে সম্মাননাস্বরূপ সনদপত্র ও পরিবেশবান্ধব কলম উপহার দেওয়া হয়।
দুপুর সাড়ে ১টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে ব্যতিক্রমধর্মী করতে ব্লু বার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সংগঠনের সদস্য সচিব জিন্নাত আলভীর সঞ্চালনায় এবং সভাপতি মো. ইমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের ১৬তম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল, ১৪তম কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফাইমুন নোমান এবং সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলী আজিম মোহাম্মদ আবরার। এছাড়াও সংগঠনের বর্তমান দায়িত্বশীল, সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভাপতি মো. ইমন হোসেন বলেন, “১৭ বছরের এই পথচলায় যারা তারুণ্যকে আজকের অবস্থানে নিয়ে আসতে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। যে লক্ষ্য ও আদর্শ নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল, আগামী দিনেও তা অক্ষুণ্ণ থাকবে। এ লক্ষ্য বাস্তবায়নে সদস্যদের ধারাবাহিক সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয় তারুণ্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত এই অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠনটি দীর্ঘ ১৭ বছরের পথচলা শেষে আজ ১৮তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বৈষম্যহীন সমাজ গঠন, তরুণদের স্বেচ্ছাসেবী মনোভাব বিকাশ, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, বইপাঠের মাধ্যমে শিল্প-সংস্কৃতির চর্চা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ এবং অসহায় শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।