বিনোদন ডেস্ক
বর্তমানে বলিউডে নায়কদের পাশাপাশি নায়িকারাও বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় বেশ কয়েকজন তারকার নাম রয়েছে। সম্প্রতি ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) প্রকাশিত তালিকায় উঠে এসেছে তাঁদের পারিশ্রমিকের তথ্য। সেই তালিকায় শীর্ষ দুই অবস্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন।
তালিকার শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। ২০০০ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর বিনোদনজগতে তাঁর পরিচিতি বাড়তে থাকে।
২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় প্রিয়াঙ্কার। এরপর ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা অর্জন করেন তিনি। ‘ফ্যাশন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এই অভিনেত্রী।
হলিউডে ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে পরিচিতি পান প্রিয়াঙ্কা। এ ছাড়া ‘বে ওয়াচ’, ‘ইজ নট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো কাজেও অভিনয় করেছেন তিনি। আইএমডিবির তালিকা অনুযায়ী, প্রতি সিনেমায় প্রিয়াঙ্কার পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি রুপি।
অন্যদিকে, তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রীর বলিউডে অভিষেক হয় ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন তিনি।
এরপর ‘লাভ আজ কাল’, ‘ককটেল’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও দৃঢ় করেন দীপিকা।
‘পিকু’ সিনেমায় অভিনয়ের জন্যও ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি। হলিউডের ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে।
আইএমডিবির তালিকায় দীপিকার প্রতি সিনেমায় পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ থেকে ৩০ কোটি রুপি। অর্থাৎ, তালিকা অনুযায়ী সর্বোচ্চ পারিশ্রমিকের সীমা দুজনের সমান হলেও সর্বনিম্ন পারিশ্রমিকের হিসাবে প্রিয়াঙ্কা এগিয়ে রয়েছেন।