মিজানুর রহমান রিপন, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় পুলিশের বিশেষ অভিযানে সাদ্দাম শিকদার নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম শিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট দায়ের করা প্রথম মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৮, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ৫০৬(২), ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩এ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, ২০১৭ সালের ২২ জুন মহিপুর থানায় দায়ের করা দ্বিতীয় মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে সাদ্দাম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।