নিজস্ব প্রতিবেদক
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) শরণাপন্ন হবে। পাকিস্তান সফরকালে দেশটির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
ইসলামাবাদে পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার। এ সময় মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা, ভারতের সঙ্গে সম্পর্ক এবং শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।
আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে সরাসরি কারাগারে যেতে হবে। তবে তিনি দেশে ফিরবেন না বলে মন্তব্য করেন স্পিকার। তাঁর ভাষ্য, কর্মীদের সক্রিয় রাখতেই দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন শেখ হাসিনা। আগামী ১০ বছরেও তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই।
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সমালোচনা করে স্পিকার বলেন, ভারত যদি তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, তাহলে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হবে।
শেখ হাসিনার শাসনামল প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ প্রতিবেশী দেশের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল। এর ফলে দেশের মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে।
বাংলাদেশের মানুষ বরাবরই গণতন্ত্রকামী এবং কোনো ধরনের স্বৈরশাসন মেনে নেয় না উল্লেখ করে স্পিকার বলেন, ১৯৭১ সালেও এ দেশের মানুষ গণতন্ত্রের দাবি জানিয়েছিল। কিন্তু তাদের সেই অধিকার দেওয়া হয়নি।
তিনি বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ সামরিক ও বেসামরিক—উভয় ধরনের শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এর মধ্যে বেসামরিক স্বৈরশাসকদের শাসন ছিল সবচেয়ে ভয়াবহ।
পাকিস্তান ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা একই ধরনের উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘ সময় ধরে দেশ প্রকৃত গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।