বিনোদন ডেস্ক
ভারতে পাকিস্তানি ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সং সামেত লো’ প্রচারের বিরোধিতা করেছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ খুশবু সুন্দর। তার মতে, বিনোদনের চেয়ে জাতীয় স্বার্থ ও দেশপ্রেমকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভারতে পাকিস্তানি সিরিজ প্রচারের বিষয়টিকে দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজনের সঙ্গে তুলনা করেছেন তিনি।
ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত নেটফ্লিক্সের এই সিরিজটির সম্ভাব্য মুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই এমন অবস্থান জানালেন খুশবু। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে নেটফ্লিক্সকে পাকিস্তানি কনটেন্ট প্রচার না করার বিষয়ে সতর্ক করেছে। একই সঙ্গে গত বছরের ৮ মে জারি করা নির্দেশনা অনুসরণের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খুশবু বলেন, জাতীয় স্বার্থে ভারতে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজনের অনুমতি না থাকলে পাকিস্তানি ওয়েব সিরিজ প্রচারের অনুমতিও দেওয়া উচিত নয়। শিল্পের কোনো সীমান্ত থাকা উচিত নয় বলে বিশ্বাস করলেও দেশের স্বার্থের প্রশ্নে জাতীয় গর্ব ও দেশপ্রেমকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে তিনি।
তিনি আরও স্পষ্ট করেন, সিরিজটির নির্মাতা কিংবা অভিনয়শিল্পীদের প্রতি ব্যক্তিগত কোনো বিরোধিতা থেকে তার এই অবস্থান নয়। বরং দেশের প্রতি ভালোবাসা ও জাতীয় পরিচয়ের জায়গা থেকেই তিনি আপত্তি জানিয়েছেন। তার ভাষায়, ভারতীয় হিসেবে দেশের গর্ব ও মর্যাদা সবার আগে।
এদিকে পাকিস্তানি সিরিজ প্রচার বন্ধে ভারতের চলচ্চিত্র অঙ্গনের দুটি সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছে।
পাহালগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়লে গত বছরের ৮ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে। এতে জাতীয় নিরাপত্তা ও তৎকালীন পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তান থেকে আসা কনটেন্ট প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে আপত্তি শুধু নেটফ্লিক্সের মধ্যেই সীমাবদ্ধ নেই। বেঙ্গালুরুতে ২৮ নভেম্বর ও ৫ ডিসেম্বর ‘দার-এ-নিজাত’ নামের একটি পাকিস্তানি নাটকের দুটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও আপত্তির মুখে প্রদর্শনী দুটি বাতিল করা হয়েছে।
‘জো বাচে হ্যায় সং সামেত লো’ সিরিজটি ফারহাত ইশতিয়াকের একই নামের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত। মোমিনা দুরাইদ পরিচালিত ও প্রযোজিত ছয়টি পরস্পর সংযুক্ত প্রেমের গল্প নিয়ে তৈরি এই সিরিজটি নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার অরিজিনাল সিরিজ। এতে অভিনয় করেছেন হানিয়া আমির, আহাদ রাজা মীর, ইকরা আজিজ ও সানাম সাঈদ। আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী সিরিজটি মুক্তির কথা রয়েছে।