বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়ে কিছুটা চাপে পড়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর সমালোচনার মুখে থাকা সেলেসাওরা এবার হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের নজর শুধু জয়ে নয়, প্রতিপক্ষকে গোলশূন্য রাখার দিকেও।
শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় গ্রুপপর্বের ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গ্যাব্রিয়েল বলেন, শক্তিশালী প্রত্যাবর্তনের জন্য রক্ষণভাগকে আরও দৃঢ় হতে হবে।
তিনি বলেন, “আমরা গোল খেতে চাই না। যদি আমরা গোল না খাই, তাহলে জয়ের আরও কাছে থাকব। এজন্য পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা জানি, ক্লিন শিট কতটা গুরুত্বপূর্ণ।”
আর্সেনালের এই সেন্টার-ব্যাক আরও বলেন, “আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামব। বিশ্বাস করি, রক্ষণে দৃঢ় থেকে জয় নিয়েই মাঠ ছাড়তে পারব।”
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে শুরু থেকেই ছন্দহীন ছিল ব্রাজিল। দ্রুত গোল হজম করার পর ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত একক নৈপুণ্যে সমতায় ফিরলেও পরে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি দলটি।
সেই ম্যাচের হতাশা নিয়ে গ্যাব্রিয়েল বলেন, “আমরা জানি, ওই ম্যাচে ভালো শুরু করতে পারিনি। এটা আমরা সবাই বুঝি। আমরা এমন ফুটবল খেলতে চাই না। আমরা ব্রাজিল, আমরা সবসময় বলের নিয়ন্ত্রণ রাখতে চাই।”
তবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
গ্যাব্রিয়েলের ভাষায়, “ওই ম্যাচ এখন অতীত। আমরা সেখান থেকে শিক্ষা নিয়েছি, অভিজ্ঞতা অর্জন করেছি। সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এবার আমরা আমাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।”
মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য অনেকটাই ঘুরে দাঁড়ানোর লড়াই। শুধু জয় নয়, নিজেদের হারানো আত্মবিশ্বাস ও পরিচিত ছন্দ ফিরে পাওয়ার সুযোগও দেখছে সেলেসাওরা। তাই সমর্থকদের প্রত্যাশা, হাইতির বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি রক্ষণেও দৃঢ়তা দেখাবে ব্রাজিল।