নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছবি:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মো. তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী মৌখিকভাবে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা জেলা প্রশাসনের কাছে পৌঁছেনি।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন যে নামগুলো পরিবর্তন করতে হবে। সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করব।”
তিনি আরও জানান, নাম পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে শিগগিরই আনুষ্ঠানিক নির্দেশনা আসতে পারে।
নাম পরিবর্তনের প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে জেলা প্রশাসক বলেন, “আমরা মৌখিক নির্দেশনা পেয়েছি। লিখিত চিঠি এলে পরবর্তী কার্যক্রম আরও আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়া হবে।”
এদিকে ইউনিয়নগুলোর নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় নতুন করে গণশুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসক বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুনরায় গণশুনানির আয়োজন করবেন। নির্ধারিত তারিখে স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে তাদের মতামত দেবেন। গণশুনানির মাধ্যমে যে নাম সর্বাধিক গ্রহণযোগ্যতা পাবে, সেটিই চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে।”
সম্প্রতি বগুড়ার দুটি নবগঠিত ইউনিয়নের নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিলে যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি সংসদেও আলোচিত হয় এবং পরে প্রধানমন্ত্রী নাম পরিবর্তনের নির্দেশ দেন।