স্পোর্টস ডেস্ক
২০৩০ সালের ফিফা বিশ্বকাপে বাছাইপর্ব ছাড়াই সরাসরি মূল আসরে খেলবে ছয়টি দেশ। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েরও সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এর ফলে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপে বাকি ৪২টি দলকে বাছাইপর্ব পেরিয়েই মূল পর্বে জায়গা করে নিতে হবে।
এর আগে ফিফা ঘোষণা দিয়েছিল, ইতিহাসে প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ইউরোপের স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকার মরক্কো যৌথভাবে মূল টুর্নামেন্টের আয়োজন করবে। পাশাপাশি বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজন করা হবে।
প্রথম ঘোষণায় এই তিন দেশের সরাসরি বিশ্বকাপে খেলার বিষয়টি উল্লেখ না থাকলেও পরে ফিফা বিষয়টি স্পষ্ট করে জানায়। আয়োজক দেশের মর্যাদায় আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েও বাছাইপর্ব ছাড়াই মূল আসরে অংশ নেবে।
বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এই বিশেষ সিদ্ধান্ত নেয় ফিফা। ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফুটবল বিশ্বকাপ। সেই আসরের ফাইনালে মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিক উরুগুয়ে।