স্পোর্টস ডেস্ক
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনার পাঁচজন ম্যাচ অফিশিয়ালকে দায়িত্ব দিয়েছে ফিফা। একই দেশের পাঁচজন অফিশিয়ালকে নিয়ে ম্যাচ পরিচালনার ঘটনা এবারের বিশ্বকাপে এই প্রথম।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় বোস্টনে অনুষ্ঠিত হবে ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল।
ফিফার ঘোষিত রেফারি প্যানেল অনুযায়ী, ম্যাচের প্রধান রেফারি থাকবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেলো। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। চতুর্থ অফিশিয়াল হিসেবে থাকবেন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্টিয়ান নাভারো।
বিশ্বকাপে এবারই প্রথম কোনো ম্যাচে একই দেশের পাঁচজন ম্যাচ অফিশিয়াল দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
এর আগে মঙ্গলবার আর্জেন্টিনা ও মিসরের শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেন ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ওই ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে ফিফার কাছে অভিযোগ করেছে মিসর। পাশাপাশি ম্যাচের আগে ফরাসি রেফারিকে দায়িত্ব দেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছিল আর্জেন্টিনার গণমাধ্যম।
সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফ্রান্সের ম্যাচে আর্জেন্টিনার রেফারি প্যানেল নিয়োগ দেওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এটি ফিফার ভারসাম্য রক্ষার একটি পদক্ষেপ। তবে এ বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
৪৪ বছর বয়সী ফাকুন্দো তেলো দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি। কোপা লিবার্তাদোরেসের ফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।
টানা দ্বিতীয় বিশ্বকাপে দায়িত্ব পালন করা তেলো এবারের আসরে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা–দক্ষিণ কোরিয়া এবং কানাডা–বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ পরিচালনা করেছেন।