নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন। এর অংশ হিসেবে বিজিবি সদস্যের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়ানো হয়েছে।
সোমবার শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও মঙ্গলবার তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে। এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত গাজীপুরের কোথাও মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবরোধ কিংবা অবস্থান কর্মসূচির খবর পাওয়া যায়নি। বরং বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।
গত কয়েক দিন ধরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করলেও মঙ্গলবার পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। তবে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।