স্টাফ করেসপন্ডেন্ট
দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট এখনো বিদ্যমান। অতীতের ব্যর্থতা নিয়ে সমালোচনায় সময় ব্যয় না করে আগামী দিনে কীভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সোলার এক্সপো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি বলেন, সোলার এক্সপোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তা, সেবাদানকারী প্রতিষ্ঠান ও তরুণ কর্মীদের অংশগ্রহণ প্রমাণ করে, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এখন আর কেবল সম্ভাবনার খাত নয়, বরং সময়ের অনিবার্য বাস্তবতা।
প্রধানমন্ত্রী জানান, সৌরবিদ্যুতের সম্প্রসারণে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচ পাম্প সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে।
বিগত সময়ে দেশকে সম্পূর্ণ আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে যাতে কোনো উদ্যোক্তা পিছিয়ে না পড়েন, সে জন্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছে।