নরসিংদী প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ ও ধর্মের নামে ব্যবসা করা একটি গোষ্ঠী মিলে দেশকে নতুন করে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। প্রতিবেশী একটি দেশের ইন্ধনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অনুসারী ও ধর্মীয় অনুভূতিকে পুঁজি করা গোষ্ঠী যৌথভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার অন্যায়, অত্যাচার, খুন, গুম ও লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন।
তিনি বলেন, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও তামীমসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বিএনপি পরিবারের ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন বলে দাবি করেন তিনি। এ আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। অনেকে চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অনুসারী এবং ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে মানুষকে বিভ্রান্ত করা একটি গোষ্ঠী একজোট হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। এভাবে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, মহসিন হোসাইন বিদ্যুৎ, আমিনুল হক বাচ্চু ও ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ স্থানীয় নেতারা।