টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মহাসড়কে গাছ ফেলে একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে বিকাশের দুই সেলস রিপ্রেজেন্টেটিভের (এসআর) কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গেলে ছুরিকাঘাতে এক বিকাশ প্রতিনিধি আহত হন।
রোববার (২ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার ১৪ নম্বর ব্রিজসংলগ্ন টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত মো. আল আরমান (২৬) টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, বিকাশের তিনজন সেলস রিপ্রেজেন্টেটিভ পালকি পরিবহনের একটি বাসে করে টেকনাফ বাসস্টেশন থেকে হ্নীলা ও হোয়াইক্যাং এলাকার বিভিন্ন এজেন্টের কাছে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে দমদমিয়া বিওপি থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ১৪ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ২০ জনের একটি অস্ত্রধারী দল সড়কে গাছ ফেলে বাসটির গতিরোধ করে।
পরে দুর্বৃত্তরা বাসে উঠে বিকাশের দুই এসআরের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে তারা আল আরমানকে ছুরিকাঘাত করে। এতে তার ডান হাতের ওপরের অংশে জখম হয়। আতঙ্ক সৃষ্টি করতে ডাকাতরা দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
বিকাশের এজেন্ট মালিক আবদুর করিম জানান, হামলাকারীরা ৫৭ লাখ টাকা লুট করে দ্রুত সড়কের পূর্ব পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। স্থানীয়রা আহত আল আরমানকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর বাসটি দমদমিয়া চেকপোস্টে পৌঁছালে বিষয়টি বিজিবিকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান শুরু করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বন্দরসংলগ্ন মহাসড়কে গাছ ফেলে পরিকল্পিতভাবে বাস থামিয়ে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ৫৭ লাখ টাকা লুট করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।