জেলা প্রতিনিধি, ভোলা
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে স্বর্ণ ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসা. খাদিজা থানায় দায়ের করা লিখিত অভিযোগে ছয়জনকে আসামি করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণ এবং নগদ ৫২ হাজার টাকা আত্মসাৎ করেন।
অভিযোগের ভিত্তিতে দুলারহাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে সক্রিয় বলে অভিযোগ থাকা প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— মোসা. মুক্তা (২৬), স্বামী আল-আমিন; মোসা. রুমা, স্বামী মো. মামুন; স্বপন ফরাজী (৫০), পিতা আব্দুল লতিফ; এবং মো. আল-আমিন (২৬), পিতা স্বপন ফরাজী। তাদের নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়।
দুলারহাট থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।