স্টাফ রিপোর্টার
রাজধানীর উত্তরখানের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় দায়িত্ব পালনরত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) সকালে উত্তরখানের এসটিএস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর। তারা ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে ডিএনসিসির প্রশাসক হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, হামলায় আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান ডিএনসিসির প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এ সময় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।