নিজস্ব প্রতিবেদক
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
ছবি:
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “আজ বরিশালে জড়ো হয়েছি। সর্বশেষ ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর দেশের প্রতিটি জেলা-উপজেলায় আমাদের কর্মসূচি চলমান থাকবে। এর মধ্যে সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন এবং প্রয়োজনে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হবো।”
তিনি বলেন, “এখনও আমরা কোনো কঠোর কর্মসূচি দিইনি। হরতাল-অবরোধের মতো কর্মসূচিও ঘোষণা করিনি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা এই মুহূর্তে এমন কর্মসূচির পক্ষে ছিলাম না। কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ক্রমশ সেই পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন।”
প্রধানমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী ভালো ভালো কথা বলেন। প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা। গণভোটের আগে তিনি জুলাই সনদের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ তিনি দাবি করছেন, অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করবেন।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল—‘নাটক কম করো প্রিয়’। আজও আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই—নাটক কম করুন। জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, এর অর্থ এই নয় যে জনগণের সঙ্গে ছলনা বা প্রতারণা করা যাবে।”
সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা সরকারের কাছে দ্রুত গণভোটের রায়ের বাস্তবায়ন এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।