নিজস্ব প্রতিবেদক
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
রোববার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গাইবান্ধায় রামমূর্তি স্থাপনকে কেন্দ্র করে চলমান বিতর্ক এবং কিছু ব্যক্তির বক্তব্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি দাবি করেন, বর্তমানে দেশ একটি সংকটপূর্ণ সময় পার করছে। একদিকে সীমান্ত এলাকায় ‘পুশ-ইন’ ঘটছে, অন্যদিকে দেশের অভ্যন্তরে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে অস্থিরতা বাড়ছে।
আহমদ আবদুল কাইয়ূম বলেন, গাইবান্ধায় বিশ্বের সবচেয়ে বড় রামমূর্তি স্থাপনের উদ্যোগ নিয়ে জনমনে প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে। তার মতে, উপাসনার স্বাভাবিক স্থান মন্দির হলেও রাজপথে বড় আকারের মূর্তি স্থাপন বিতর্ক সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, মূর্তি স্থাপনকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি হওয়া স্বাভাবিক হলেও কিছু ব্যক্তির বক্তব্য পরিস্থিতিকে উত্তপ্ত করেছে। বিশেষ করে আইনজীবী চৈতালী চক্রবর্তীর কথিত বক্তব্যের সমালোচনা করে তিনি বিদেশি সহায়তায় আলাদা হিন্দু প্রদেশ গঠনের প্রসঙ্গকে রাষ্ট্রের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘জয় শ্রী রাম’ স্লোগান বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যগত স্লোগান নয়, বরং এটি রাজনৈতিকভাবে ব্যবহৃত একটি স্লোগান হিসেবে বেশি পরিচিত।
তিনি দাবি করেন, অতীতে বিভিন্ন সময় মুসলমান ও ইসলামপন্থী জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ের নিরাপত্তায় ভূমিকা রেখেছে—যা বিভিন্ন গণমাধ্যমেও এসেছে।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, বাংলাদেশের হিন্দু নাগরিকরা নিরাপদ পরিবেশে বসবাস করছেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু উসকানিমূলক বক্তব্য ও হুমকিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।