নিজস্ব প্রতিবেদক
হাসনাত আব্দুল্লাহ।
ছবি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহসহ দলের ৪ নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যের কেমব্রিজ থানায় মামলা দায়ের করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থকেরা।
শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় এই মামলাটি করা হয়। মামলায় এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে জাকির চৌধুরীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে বলে জানা গেছে। শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে এনসিপি ইউকে অ্যালায়েন্স।
এনসিপির বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে
এনসিপি ইউকে অ্যালায়েন্সের বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকেরা হাসনাত আব্দুল্লাহ এবং তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন 'নাটক' শুরু করেছে। তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাসনাত আব্দুল্লাহসহ এনসিপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘বেধড়ক পেটানোর’ কাল্পনিক অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মাধ্যমে তারা মূলত যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে ইতোমধ্যে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা নিজস্ব তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এদিকে, এই ঘটনার পর এক প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাঁদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, "পতিত আওয়ামী লীগ অতীতেও আমাদের পথ রুদ্ধ করতে ব্যর্থ হয়েছে, এবারও হবে।"
এনসিপি জানিয়েছে, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আব্দুল্লাহর ঐতিহাসিক বক্তব্য, যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তাঁর সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের এই সফল প্রচেষ্টাকে ব্যাহত করতেই আওয়ামী লীগের সমর্থকেরা বারবার নানা উসকানি ও প্রতিবন্ধকতা তৈরি করছে, তবে প্রতিবারই তারা চরমভাবে ব্যর্থ হয়েছে।