নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ছবি:
প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন মহল নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২০ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এ অনুষ্ঠিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ে তোলার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এ বিদেশ সফর। তবে সফরকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উসকানিমূলক তৎপরতার আভাস দেখা যাচ্ছে।
তিনি বলেন, “এই সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। আমাদের দলের নামের সঙ্গেই ‘জাতীয়তাবাদী’ শব্দটি যুক্ত রয়েছে। তাই দেশের স্বার্থ সংরক্ষণ করেই সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।”
সেমিনারে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, ২০৩০ সালের লক্ষ্য অর্জনের সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা।
এ সময় আইসিটি খাতের অগ্রযাত্রা ত্বরান্বিত করার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রিজভী।