নিজস্ব প্রতিবেদক
বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আমদানি-রপ্তানিতে আগাম তথ্য যাচাই এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এ-সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কনভেনশনটিতে অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষতিকর রাসায়নিকের ঝুঁকি মূল্যায়ন, তথ্য বিনিময় ও ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রস্তাবটির উদ্যোক্তা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন ধরনের বিষাক্ত রাসায়নিক ও কীটনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আগে থেকে জানা জরুরি। কনভেনশনে যুক্ত হলে সংশ্লিষ্ট রাসায়নিকের ঝুঁকি ও ক্ষতিকর দিক সম্পর্কে তথ্য জেনে সেগুলো আমদানি করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়বে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রটারডাম কনভেনশন অন দ্য প্রায়র ইনফর্মড কনসেন্ট প্রসিডিউর ফর সার্টেন হ্যাজার্ডাস কেমিক্যালস অ্যান্ড পেস্টিসাইডস ইন ইন্টারন্যাশনাল ট্রেড’ ১৯৯৮ সালের ১০ সেপ্টেম্বর গৃহীত হয়। বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কনভেনশনটি ২০০৪ সালের ২৪ ফেব্রুয়ারি কার্যকর হয়। বর্তমানে ১৬৭টি দেশ এর সদস্য। বাংলাদেশ ও ভুটান ছাড়া সার্কভুক্ত অন্য সব দেশ এতে অন্তর্ভুক্ত হয়েছে।
কনভেনশনে যুক্ত হলে বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যাবে। পাশাপাশি এ-সংক্রান্ত প্রকল্পে বৈদেশিক অর্থায়নের সুযোগ, রাসায়নিকের ডেটাবেজ তৈরি এবং সেগুলোর গতিবিধি অনুসরণে সহায়তা মিলবে।
কনভেনশনের তৃতীয় পরিশিষ্টে তালিকাভুক্ত রাসায়নিকের বিষয়ে আগাম সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি ও রপ্তানিকারক দেশগুলোর যৌথ দায়িত্ব পালনের সুযোগও তৈরি হবে।
এ ছাড়া কনভেনশনের ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশক বিষয়ে বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক ও আইনি তথ্য সদস্য দেশগুলোর সঙ্গে বিনিময় করতে পারবে বাংলাদেশ। ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কনভেনশন সচিবালয় থেকেও কারিগরি সহায়তা নেওয়ার সুযোগ থাকবে।