আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান দ্রুত নিজেদের অবস্থান পরিবর্তন না করলে দেশটির বিরুদ্ধে বাকি কাজও শিগগির শেষ করার হুমকি দিয়েছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।
পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানকে সামরিক ও আর্থিক- দুই দিক থেকেই পরিকল্পিতভাবে বিপর্যস্ত করা হয়েছে। তবে এই পদক্ষেপে সন্তুষ্ট নন তিনি। ইরান দ্রুত অবস্থান পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্র শিগগিরই বাকি কাজ সম্পন্ন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন, ইসরায়েলের নেতৃত্বে অন্য কেউ থাকলে যুক্তরাষ্ট্রকে নিজেরাই এই কাজ করতে হতো। তবে তিনি নিজে তা করতে আগ্রহী নন বলেও মন্তব্য করেন।
ট্রাম্পের বক্তব্যে একদিকে ইরানের ওপর চাপ অব্যাহত রাখার বার্তা রয়েছে, অন্যদিকে নেতানিয়াহুর প্রতি ওয়াশিংটনের সমর্থনও স্পষ্ট হয়েছে। তাঁর হুঁশিয়ারি এমন এক সময়ে এল, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে রয়েছে।
চলতি মাসের শেষ দিকে পুনর্নির্বাচনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। এমন সময়ে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ।
তবে ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে ধ্বংস করার দাবির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে বিস্তারিত কোনো তথ্য দেননি ট্রাম্প। তাঁর হুমকির পর তেহরানের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, তা নিয়ে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।
সূত্র: ডন