নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নানা সময় অপব্যাখ্যা ও অপপ্রচার চালানো হয়। তবে এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের অন্য কোথাও আছে বলে তাঁর জানা নেই।
রবিবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর রমনা মন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক দেবী দুর্গা। অন্যায় ও অসততার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সেগুলো পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশেও বিভিন্ন সময়ে অসুরের আবির্ভাব ঘটেছে। এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের পরাজিত করেছে।
রমনা কালী মন্দিরের ইতিহাস তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে মন্দিরটি ধ্বংসের চেষ্টা করা হয় এবং ১৯৭৩ সালে তা পুরোপুরি ধ্বংস করা হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, ধর্মনিরপেক্ষতার কথা বলা ব্যক্তিদের হাতেই এ ঘটনা ঘটেছিল।
তিনি আরও বলেন, ২০০১ সালে গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্যোগে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে রমনা কালী মন্দির পুনঃস্থাপন করা হয়। এরপর থেকে মন্দিরটিকে পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি দুর্গাপূজার সার্বিক সফলতা কামনা করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনকারীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রমনা মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য উপস্থিত ছিলেন। মন্দিরের সদস্য সুভাষ চন্দ্র দাস রাষ্ট্রপতিকে উত্তরীয় পরিয়ে দেন।
বাসস