সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর প্রশাসনিক কেন্দ্রের অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবদুল গণি রোডের বর্তমান অবস্থান থেকে বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সরিয়ে নেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন স্থানে ২০২৯ সালে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। ওই সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীতিগত সিদ্ধান্তের পরদিনই সচিবালয় স্থানান্তর প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয় গণপূর্ত মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রকল্পটি এডিপিতে অন্তর্ভুক্ত করতে পরিকল্পনা কমিশনকে চিঠি পাঠানো হয়।
নতুন স্থানে সচিবালয় নির্মাণ ও স্থানান্তরের মধ্য দিয়ে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম নতুন অবকাঠামোয় পরিচালনার পরিকল্পনা করছে সরকার। তবে প্রকল্পের ব্যয়, নির্মাণকাজের বিস্তারিত সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিক তথ্য এখনো জানানো হয়নি।