নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ছবি:
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ১৩ বছর বয়সী অপ্রতিম নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ।
তিনি জানান, প্রথমে তিনজনকে গ্রেফতার করা হলেও পরে আরও একজনকে আটক করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় চারজন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে সবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা অপরাধ স্বীকার করেছে। এখন বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান।’
নিহত অপ্রতিমের সঙ্গে থাকা মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। মোবাইলটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ ফরেনসিক বিশ্লেষণ করছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রোববার তার দাফন করা হয়েছে।
পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজনদের গ্রেফতার এবং বিভিন্ন আলামত জব্দ করা সম্ভব হয়েছে।
হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে চার্জশিট দেওয়া হবে। এরপর আদালত মামলাটির বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। তিনি আশা প্রকাশ করেন, রামিসা হত্যাকাণ্ডের মতো এ মামলার বিচারও দ্রুত শেষ হবে।