সাভার প্রতিনিধি
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সোমেন বড়ুয়া জানান, বাইপাইল সড়কে যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে। ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুনের প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
অন্যদিকে, আগুনে দগ্ধ ৩০ শ্রমিককে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের মহাব্যবস্থাপক হারুনুর রশিদ। তাঁদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। নিরাপত্তার স্বার্থে সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।